জকিগঞ্জে মুফতি আবুল হাসান এমপি
‘আইনের শাসন নিশ্চিত করতে অপরাধ দমনে আপসহীন হতে হবে’
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান আইনের সঠিক প্রয়োগ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, "সুষ্ঠু সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখতে এবং অপরাধ প্রবণতা কমাতে আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ভূমিকা এবং নাগরিকদের আইন মেনে চলার প্রবণতা অপরিহার্য। জাতি, ধর্ম, বর্ণ বা পদ-পদবি নির্বিশেষে সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আইন মেনে চলা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব এবং প্রশাসনকে কোনো প্রকার চাপের মুখে নতিস্বীকার না করে নিরপেক্ষভাবে অপরাধ প্রতিরোধে কাজ করার নির্দেশ দেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় জকিগঞ্জের আলোচিত ব্যবসায়ী নুমান হত্যা মামলার বর্তমান অবস্থা, সড়কে অবৈধ টমটম ও মাটিবোঝাই ট্রাক্টর চলাচলের কারণে সৃষ্ট ভোগান্তি নিরসনে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি, চুরি-ডাকাতি ও মাদক নির্মূল এবং কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জকে একটি শান্ত ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ রহমান
মন্তব্য করুন: