চৌকিদারের ওপর হামলা
প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জাফলং চা বাগানের জায়গা দখলের অভিযোগ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জাফলং চা বাগানের জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে গফুর মিয়া ৯নং সেকশন ও চাউড়াখেল মৌজায় জোরপূর্বক দুটি ঘর নির্মাণ করেছেন। বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় চৌকিদাররা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে জানা গেছে। জাফলং চা বাগানের ম্যানেজার কৃষিবিদ মো. শাহাবুল্লাহ সরকার জানান, অবৈধ দখলের বিষয়ে গত ৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দাখিল করলে প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল; কিন্তু গফুর মিয়া সেই নির্দেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণকাজ সম্পন্ন করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনকালে গফুর মিয়া উত্তেজিত হয়ে বাগান চৌকিদারের সাথে অশালীন আচরণ করেন এবং সাংবাদিকদের চলে যাওয়ার আধা ঘণ্টা পর তাঁর লাঠিয়াল বাহিনী নিয়ে বাগান চৌকিদার লায়েছ আহমদের ওপর হামলা চালান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পাঠিয়ে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তিনি শিগগিরই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেবেন।
এ রহমান
মন্তব্য করুন: