বিশ্বনাথে রাজার খাল পুনঃখনন কাজের উদ্বোধন
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, খাল ও নদী পুনঃখননের মাধ্যমেই কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই পুনর্জাগরণ সম্ভব।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে ‘রাজার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি লুনা বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই এবং সেই লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সময় দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তিনি আক্ষেপ করে জানান, পরবর্তী সময়ে ধারাবাহিকতার অভাবে অনেক খাল-নদী ভরাট ও দখল হওয়ায় পানিপ্রবাহ ব্যাহত হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের কৃষি ও পরিবেশে। বর্তমান সরকার প্রধান তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারে খাল খনন কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনায় এসব খাল পুনঃখনন করা হলে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব হবে এবং অনাবাদি জমিগুলো চাষের আওতায় আসবে। সাবেক সফল সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে তিনি বিশ্বনাথ ও ওসমানীনগরকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র প্রকল্প পরিচালক প্রণজিত কুমার দেব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ রহমান
মন্তব্য করুন: