সংরক্ষিত নারী আসনে সিলেট থেকে আলোচনায় ১০ নেত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন। নির্বাচন কমিশন পবিত্র রমজান মাসের মধ্যেই সংরক্ষিত আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে। আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ২০৯ আসনে বিজয়ী বিএনপি এককভাবে ৩৫টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলা নিয়ে গঠিত দুটি আসনের বিপরীতে অন্তত ১০ জন নেত্রীর নাম জোরেশোরে আলোচনায় এসেছে।
দলীয় সূত্র ও মাঠপর্যায়ের বিশ্লেষণে দেখা গেছে, এই দৌড়ে যেমন রয়েছেন রাজপথের ত্যাগী নেত্রীরা, তেমনি রয়েছেন সাবেক হেভিওয়েট নেতাদের যোগ্য উত্তরসূরিরা।
সিলেটের দুটি সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় প্রথমেই আলোচনায় আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাম্মী আক্তার এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি। এছাড়াও মাঠে সক্রিয় রয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহিলা দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম শাহনাজ এবং সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন।
উত্তরাধিকার সূত্রে আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিলেট-৪ আসনের প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন নাহার সেলিম, সুনামগঞ্জের সাবেক এমপি নজির হোসেনের স্ত্রী সালমা নজির এবং এক সময়ের প্রভাবশালী রাজনীতিক হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী। তবে বিশেষ নজর কাড়ছেন সিলেট-৬ আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য প্রয়াত সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেন। তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফা প্রচার ও জাতীয় নির্বাচনের প্রাক্কালে মাঠপর্যায়ে জনসমর্থন তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন।
অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির নেতা কমর উদ্দিনের কন্যা ও ব্রিটিশ কাউন্সিলর সাবিনা খান পপিও মনোনয়ন চাইছেন, যদিও প্রবাসে কাউন্সিলর পদ রেখে দেশে এমপি হওয়ার বিষয়টি নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, রমজানের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, তবে যোগ্যদের মধ্য থেকে কেন্দ্রই চূড়ান্ত মনোনয়ন দেবে।
এ রহমান
মন্তব্য করুন: