সিলেটে পুলিশের ওয়াকিটকি উদ্ধারের ঘটনায় এসআই কামরুল সাময়িক বরখাস্ত
সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকায় দুই যুবকের কাছ থেকে পুলিশের সরকারি ওয়াকিটকি ও চাইনিজ কুড়াল উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। প্রাথমিক তদন্তে আটককৃত দুই যুবকের সাথে ওই পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠ সম্পৃক্ততা ও কর্তব্যে অবহেলার প্রমাণ পাওয়ায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকায় একটি অভিযান শেষে উদ্ধারকৃত চাইনিজ কুড়ালটি সরকারিভাবে জব্দ না দেখিয়ে এসআই কামরুল তা নিজের প্রাইভেটকারে রেখে দেন। পরবর্তীতে তাঁরই নির্দেশনায় জুনায়েদ ও লিটন মাহমুদ নামক দুই যুবক ওই গাড়ি ও ওয়াকিটকিসহ সিলেটে গ্যাস আনতে রওনা হলে এয়ারপোর্ট থানা পুলিশের হাতে ধরা পড়েন। এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে ‘ডাকাতির প্রস্তুতির’ অভিযোগে মামলা দায়ের করা হলেও তাঁদের পরিবারের দাবি, তাঁরা ষড়যন্ত্রের শিকার।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ওয়াকিটকিটি এসআই কামরুলের বলে তিনি স্বীকার করেছেন এবং নিয়ম অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে; পুরো বিষয়টি বর্তমানে অধিকতর তদন্তাধীন রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: