জাতীয় শহীদ সেনা দিবস
পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকাল ১০টার পর তাঁরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো; ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের নামে মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। ইতিহাসের এই কলঙ্কময় অধ্যায় স্মরণে প্রতিবছর দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় 'জাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।
এ রহমান
মন্তব্য করুন: