সিলেটে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
‘আধুনিক ব্রিটেন গঠনে সিলেটিদের অবদান অনস্বীকার্য’
যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সুদৃঢ় ও ঐতিহাসিক সম্পর্কের ক্ষেত্রে সিলেটি প্রবাসীদের ভূমিকাকে অনন্য বলে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিমানবন্দর এলাকার একটি অভিজাত হোটেলে যুক্তরাজ্য হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম সিলেটি কমিউনিটি আধুনিক ব্রিটেন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং দুই দেশের মধ্যে এক শক্তিশালী ও ব্যক্তিগত সেতুবন্ধন তৈরি করেছে।’
সারাহ কুক আরও উল্লেখ করেন যে, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও জনসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ-বাংলাদেশিদের এই অবদান যুক্তরাজ্য সরকার গভীরভাবে মূল্যায়ন করে। অনুষ্ঠানে তিনি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ হিসেবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে চায়। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি সহমর্মিতা ও সংহতির গুরুত্ব তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, পারস্পরিক আস্থার ভিত্তিতে দুই দেশের এই দীর্ঘদিনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
ইফতার মাহফিলে সিলেটের স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: