এসএমপির কঠোর নির্দেশনা
সিলেটে লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল বিক্রি নিষিদ্ধ
সিলেট মহানগরীতে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নতুন ও কঠোর বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে ক্রেতার বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যথাযথ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া কোনো বিক্রেতা বা শোরুম মালিক মোটরসাইকেল হস্তান্তর করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বিক্রয়ের সময় বিক্রেতাকে অবশ্যই ক্রেতার লাইসেন্স যাচাই করতে হবে এবং রেজিস্ট্রেশন নিশ্চিত করার পরই কেবল গাড়িটি ক্রেতার হাতে তুলে দেওয়া যাবে। সম্প্রতি সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেল ব্যবহার করে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে অপরাধীদের শনাক্ত করা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এই আদেশ অমান্য করলে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের বিরুদ্ধেই প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহার করে অপরাধ সংঘটন বন্ধ করতেই পুলিশ এই কঠোর অবস্থান নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: