অংশগ্রহণ করছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
নানা জল্পনা-কল্পনা, বিতর্ক ও তিন দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা-২০২৬’। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ বছর মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে মোট ১,০১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।
পবিত্র রমজান মাসের পবিত্রতা ও দর্শকদের সুবিধার কথা বিবেচনায় রেখে মেলা প্রাঙ্গণে এবার বিশেষ নামাজের স্থান, অজুর ব্যবস্থা এবং সাশ্রয়ী মূল্যে ইফতারের আয়োজন রাখা হয়েছে। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মেলা প্রাঙ্গণে তিন স্তরের নিরাপত্তা বলয় ও সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা করেছে। এবারের মেলায় সম্পূর্ণ স্টল ফি মওকুফ করা হলেও কোনো প্যাভিলিয়ন থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছে মেলা পরিচালনা কমিটি। রমজান মাসে মেলা হওয়া নিয়ে প্রকাশকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; কেউ কেউ একে আত্মশুদ্ধি ও শান্ত পরিবেশে জ্ঞানচর্চার সুযোগ হিসেবে দেখলেও, অনেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সার্বিক শৃঙ্খলা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থা করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: