সিসিকের মেয়রের বোর্ড থেকে আনোয়ারুজ্জামানের ছবি উধাও
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর ছবি ও নাম সম্বলিত অনার বোর্ড থেকে তাঁর ছবি সরিয়ে ফেলা নিয়ে নগরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বুধবার সিসিকের নতুন প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিষয়টি অনেকের নজরে আসে এবং পরবর্তীতে ছবিহীন অনার বোর্ডের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মেয়রের কক্ষে সংরক্ষিত সাবেক মেয়রদের তালিকায় প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরান এবং বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ছবি বহাল থাকলেও কেবল আনোয়ারুজ্জামানের ছবিটি রহস্যজনকভাবে উধাও। ২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হওয়া আনোয়ারুজ্জামান গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন এবং বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং সিসিক কর্মীরাও কারা এটি সরিয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না।
সিসিকের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে ছিল না এবং তিনি গুরুত্বের সাথে এর খোঁজ নিয়ে দেখবেন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার মেয়রদের অপসারণ করলে প্রথমে বিভাগীয় কমিশনার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সম্প্রতি বিএনপি সরকার গঠনের পর আবদুল কাইয়ুম চৌধুরীকে এই পদে নিযুক্ত করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: