সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়নি : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট-ম্যানচেস্টার রুটে বহুল আলোচিত ফ্লাইটটি বাতিল হয়নি বরং হজযাত্রী পরিবহনের চাপের কারণে সাময়িকভাবে ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, হজের কার্যক্রম শেষ হওয়া মাত্রই এই রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হবে।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ এবং আগামী পাঁচ বছর প্রতিটি দিন তারা নিরলসভাবে কাজ করে যাবেন। বিশেষ করে প্রবাসী যাত্রীদের জন্য বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এই লক্ষ্যে বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখতে আগামী রবিবার মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর কর্মকর্তারা সরেজমিনে বিমানবন্দর পরিদর্শন করে সমস্যা চিহ্নিত ও দ্রুত সমাধানের পদক্ষেপ নেবেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। মন্ত্রী আশ্বস্ত করেন যে, পর্যায়ক্রমে সিলেটসহ দেশের সকল বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: