সিলেটে উচ্ছেদ আতঙ্কে ১৬ গারো পরিবার
Led Bottom Ad

পুনর্বাসনের দাবি

সিলেটে উচ্ছেদ আতঙ্কে ১৬ গারো পরিবার

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০২/২০২৬ ২০:৫৬:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের সদর উপজেলার খাদিমনগর এলাকার কল্লোগ্রামের ফিসারী ছড়ারপাড়ে বসবাসরত ১৬টি আদিবাসী গারো পরিবার বর্তমানে চরম উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রায় ৬০-৭০ বছর ধরে তিন প্রজন্ম ধরে ২৫.৭ ডেসিমেল জায়গায় বসবাস করে আসা এই পরিবারগুলোকে সম্প্রতি একটি স্থানীয় হাউজিং কোম্পানি উচ্ছেদের হুমকি দিলে নারী ও শিশুদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সংকটাপন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের একটি বিশিষ্ট নাগরিক প্রতিনিধি দল ‘গারোপাড়া’ পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি জানতে পারে, পরিবারগুলো ইউনিয়ন পরিষদকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদান করে আসছে এবং তাদের জাতীয় পরিচয়পত্রও ওই ঠিকানায়, তবুও স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী প্রশাসনের পুনর্বাসনের প্রতিশ্রুতি উপেক্ষা করে তাদের উচ্ছেদে মরিয়া হয়ে উঠেছে। পরিদর্শনকালে প্রতিনিধি দল আরও লক্ষ্য করে যে, বিসিক শিল্পনগরীর বিষাক্ত বর্জ্যে ছড়াটি ভয়াবহভাবে দূষিত এবং পরিকল্পিতভাবে ছড়ার প্রবাহ পরিবর্তন করে গারো পরিবারগুলোকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা চলছে।

পরিদর্শন শেষে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) সিলেট শাখার আহবায়ক ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার বলেন, কয়েক প্রজন্ম ধরে বসবাসকারী এই শান্তিপ্রিয় আদিবাসী পরিবারগুলোকে মানবিক কারণে উচ্ছেদ করা থেকে বিরত থাকা উচিত। নাগরিক প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন গবেষক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, পরিবেশকর্মী আব্দুল করিম কিম, ফাদার যোশেফ গোমেজ ও আইনজীবী গোলাম সোবহান চৌধুরীসহ আরও অনেকে।

প্রতিনিধি দলটি আশা প্রকাশ করেছে যে, স্থানীয় প্রশাসন ও সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad