সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির ক্লোজড
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে নানা অভিযোগ ও দায়িত্বে অবহেলার দায়ে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) তাকে ওসির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। যদিও পুলিশের পক্ষ থেকে 'সুনির্দিষ্ট কারণ নেই' বলা হয়েছে,
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের লিখিত অভিযোগ দিয়েছিলেন। বিএনপি প্রার্থীর অভিযোগ ছিল, ওসি মোবাশ্বির আলী নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও নেতা-কর্মীদের হয়রানি করে আসছিলেন।
এছাড়া গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগরের হাউজিং এস্টেটে দিনের আলোয় চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরও জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং ওসি তীব্র সমালোচনার মুখে পড়েন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: