বেড়েছে ভারতীয় জিরার চোরাচালান
বিয়ানীবাজার সীমান্তে দুই মাসে পৌনে দুই কোটি টাকার জিরা জব্দ
সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকা এখন ভারতীয় অবৈধ জিরা পাচারের প্রধান রুটে পরিণত হয়েছে, যা নিয়ন্ত্রণে বিজিবি ব্যাপক তৎপরতা শুরু করেছে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শেওলা সেতু এলাকায় একটি বিশেষ অভিযানে দুটি পিকআপ ভ্যান থেকে ২ হাজার ৭০০ কেজি অবৈধ জিরা জব্দ করেছে ৫২ বিজিবি, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজারের গজুকাটা, বড়গ্রাম ও শেওলা স্থলবন্দরের আশপাশ দিয়ে ভারতের আসাম থেকে আসা এসব জিরা প্রথমে পাথর, বালু বা চালের ট্রাকের আড়ালে লুকিয়ে সিলেটে নেওয়া হয়; পরে প্যাকেট বদলে ঢাকা-চট্টগ্রামসহ বড় বাজারে পাচার করা হয়। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র চারটি বড় অভিযানে ৫২ বিজিবি অন্তত ১ কোটি ৮২ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় জিরাসহ দুটি ট্রাক ও দুটি পিকআপ ভ্যান আটক করেছে। এর আগে গত বছরের ২২ নভেম্বর শেওলা সেতু সংলগ্ন এলাকা থেকে রেকর্ড ৮১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৪৪৫ কেজি জিরা জব্দ করা হয়েছিল। বিজিবি সদস্যরা জানিয়েছেন, বর্তমানে চোরাকারবারিরা মসলা ও করপোরেট পণ্যের ভ্যানের আড়ালে ভিন্ন কৌশলে চোরাচালান অব্যাহত রাখলেও নিজস্ব গোয়েন্দা সোর্সের মাধ্যমে বেশির ভাগ চালানই ধরা পড়ছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের বিশাল সীমান্তে চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এই তৎপরতার ফলেই নিয়মিত এসব বড় বড় চালান আটক করা সম্ভব হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: