সিলেটে তিন মন্ত্রীর ঘোষণা
এক মাসের মধ্যে খুলবে বন্ধ শ্রমবাজার, বাড়বে না ব্যক্তিশ্রেণির কর
সিলেট সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে আজ শনিবার দুপুরে প্রবাসীকল্যাণ, বাণিজ্য এবং পানিসম্পদ মন্ত্রী দেশের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত ও আশার কথা শুনিয়েছেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বন্ধ থাকা বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার নিবিড়ভাবে কাজ করছে এবং আগামী এক মাসের মধ্যেই প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের ইতিবাচক ফল পাওয়া যাবে; একইসাথে স্পেনে অভিবাসনপ্রত্যাশীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স দ্রুত পৌঁছাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যক্তিশ্রেণির কর বাড়বে না বলে আশ্বস্ত করে জানান, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং সরকারের মূল লক্ষ্য হলো ট্যাক্স-জিডিপি রেশিও বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানো। এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য (এফটিএ) চুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সাথেও এমন উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া রমজানের বাজার পরিস্থিতি স্থিতিশীল দাবি করে তিনি আরও জানান, ঈদের আগেই সকল শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করা হবে।
অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বর্ষা মৌসুমের আগেই হাওর রক্ষা বাঁধ ও নদী খনন কাজে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করে বলেন, পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট সিলেটের বন্যা মোকাবিলায় নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং যৌথ নদী কমিশনেও এ নিয়ে জোরালো আলোচনা চলছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিন মন্ত্রী।
এ রহমান
মন্তব্য করুন: