সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ ফ্লাইট চলাচল স্বাভাবিক
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক কিছু রুটে পড়লেও সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অভ্যন্তরীণ ও লন্ডনসহ অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল অব্যাহত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১ মার্চ) বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ গণমাধ্যমকে বলেন, বর্তমানে ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে রোববার সকালে কাতার থেকে সিলেটগামী একটি ফিরতি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া দোহা থেকে আসার কথা থাকা একটি ফ্লাইটও বাতিল হয়। তবে লন্ডনসহ অন্যান্য গন্তব্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উড্ডয়ন ও অবতরণ চলছে।
বিমানবন্দরের পরিচালক আরও জানান, বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত যাত্রীর চাপ নেই। সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের আগেই বিষয়টি জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইটগুলো বন্ধ থাকবে।
প্রবাসী ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুতই ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ডি আর ডি
মন্তব্য করুন: