সিলেটে শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে এসে রোহিঙ্গা যুবক আটক
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে এসে পুলিশের হাতে শহীদুল আমিন (১৯) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। আটক শহীদুল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ এলাকার বাসিন্দা এবং মৃত নুরুল বশরের ছেলে বলে পরিচয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শহীদুল আরও দুজন বাংলাদেশি সমবয়সী বন্ধুর সঙ্গে সিলেটে এসেছিলেন; নিয়মিত তল্লাশির সময় তাঁর পরিচয় যাচাই করে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসার কথা স্বীকার করলেও ক্যাম্পের অনুমতি ছাড়া বাইরে বের হওয়া এবং অবৈধভাবে চলাচলের দায়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় শহীদুলের সঙ্গে থাকা বাকি দুজনের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ফাঁক গলে কীভাবে ওই যুবক সিলেটে পৌঁছালেন, তা নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: