ওসমানীনগরে বস্তা পদ্ধতিতে লাউ চাষে বাজিমাত
Led Bottom Ad

তরুণ কৃষক সাহান মিয়ার অভাবনীয় সাফল্য

ওসমানীনগরে বস্তা পদ্ধতিতে লাউ চাষে বাজিমাত

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০৩/০৩/২০২৬ ০০:০৯:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের সুরতপুর গ্রামের তরুণ কৃষক মো. সাহান মিয়া ‘সেকব্যাগ’ বা বস্তা পদ্ধতিতে লাউ চাষ করে এলাকায় সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মস্তাব আলীর ছোট ছেলে সাহান মিয়া নিজের মেধা ও কঠোর পরিশ্রমকে পুঁজি করে মাত্র ১৫ শতক বর্গা জমিতে এই আধুনিক কৃষি কার্যক্রম শুরু করেন। গত বছরের ২৪ আগস্ট স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ধানি জমির আইল ও অব্যবহৃত স্থানে ৫০টি বস্তায় উন্নত জাতের লাউয়ের চারা রোপণ করেন তিনি। উপজেলা কৃষি অফিসের নিবিড় তত্ত্বাবধানে সুষম সার ও সঠিক পরিচর্যার মাধ্যমে অল্প সময়েই তিনি কাঙ্ক্ষিত ফলন পেতে শুরু করেন।

সাহান মিয়া জানান, এ পর্যন্ত তিনি ১ হাজার ৪৪৪টি লাউ বিক্রি করে ৬৪ হাজার ৩০০ টাকা আয় করেছেন এবং বর্তমানে গাছে থাকা আরও প্রায় ২০০টি লাউয়ের বাজারমূল্য ৮ হাজার টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কেবল ব্যবসায়িক লাভই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি প্রতিবেশীদের মাঝে প্রায় ২০০টি লাউ বিনামূল্যে বিতরণ করে এলাকায় প্রশংসিত হয়েছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ রব্বানী এই উদ্যোগের প্রশংসা করে জানান, সেকব্যাগ পদ্ধতি মূলত পতিত বা জলাবদ্ধ জমির সঠিক ব্যবহারের একটি আধুনিক কৌশল, যা ব্যবহার করে অফ-সিজনেও বাম্পার ফলন পাওয়া সম্ভব।

সাহান মিয়ার এই উদ্ভাবনী সাফল্য দেখে এলাকার অন্য বেকার যুবকরাও এখন বস্তা পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন এবং উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad