ওসমানীনগরে নকশী বাংলা ফাউন্ডেশনের রমাদান ফুড প্যাক বিতরণ
পবিত্র রমাদান মাস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাসব্যাপী খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ‘ফুড প্যাক’ বিতরণ করা হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এইচ টি এম ফখর উদ্দিন। নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল আজীজের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমাদান মাস জুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের দুস্থ মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। স্থানীয় বাসিন্দারা রমাদানের শুরুতে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: