১০ হাজার কৃষকের ভাগ্য বদলের আশা
লালাবাজারে ধনপুর খাল খনন উদ্বোধন করলেন এম এ মালিক
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সাড়ে চার কিলোমিটার দীর্ঘ ‘ধনপুর খাল’ খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। বুধবার (৪ মার্চ) দুপুরে সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ মালিক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত কৃষি বিপ্লবের ধারাবাহিকতায় বর্তমান সরকারও কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন করছে এবং এই খাল খননের ফলে স্থানীয় ১০ হাজারেরও বেশি কৃষক সরাসরি উপকৃত হবেন। তিনি আধুনিক বাংলাদেশের কৃষি উন্নয়নে সেচ ব্যবস্থার আধুনিকায়ন ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন, বিএডিসি ও ডিএই আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, মহানগর বিএনপির সহসভাপতি রিয়াসাদ আজিম আদনানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক।
উদ্বোধনকালে সংসদ সদস্য আরও জানান, কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় গ্রামীণ অবকাঠামো ও সড়ক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ভিজিএফ সহায়তা ও খাদ্যসামগ্রী যাতে প্রকৃত দরিদ্রদের মধ্যে সুষমভাবে বন্টন করা হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা দেন তিনি।
এ রহমান
মন্তব্য করুন: