তদন্তের দাবি এলাকাবাসীর
জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি সড়কের ইট উধাও
জকিগঞ্জ উপজেলার সরকারি উন্নয়ন প্রকল্পের সড়কের ইট রাতের আঁধারে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কটি হেরিং বন্ড পদ্ধতিতে মেরামত করা হয়েছিল। সম্প্রতি সরকারি উদ্যোগে মাটি কাটার খবর ছড়িয়ে পড়ার পর পুরো সড়কের ইট অজ্ঞাত ব্যক্তিরা সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ ওঠে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ৬নং ওয়ার্ডের সংযোগ সড়কে সরকারি বরাদ্দে ইট সলিংয়ের কাজ চলমান রয়েছে। তবে প্রকল্প এলাকার হেরিং বন্ড করা অংশ থেকে প্রায় ১৫ লক্ষ ইট রাতের বেলায় সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টা চলছে, যা চলমান উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।
এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। অভিযোগপত্রে তিনি বলেন, সরকারি অর্থে ক্রয়কৃত নির্মাণসামগ্রী এভাবে লোপাট হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয়দের ভাষ্য, দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত হলেই রাস্তার ইট সরিয়ে নেওয়া হচ্ছে। এতে জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
মোর্শেদ লস্কর:
মন্তব্য করুন: