জকিগঞ্জে তরুণ অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি
সিলেটের জকিগঞ্জ উপজেলার চানপুর গ্রাম থেকে বিমল বিশ্বাস (২৫) নামের এক তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, অপহরণের পর তাঁর মুক্তির জন্য চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চানপুর গ্রামের বাসিন্দা বিমল বিশ্বাস। তিনি মৃত মাখন বিশ্বাসের ছেলে। রোববার (৯ মার্চ) রাতে একই গ্রামের জয়মঙ্গল বিশ্বাসের নাতনি শ্রাবণী বিশ্বাসের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কয়েকজন তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
বিমলের পরিবারের সদস্যরা জানান, সোমবার (১০ মার্চ) সকালে সালিক মিয়ার ছেলে নাহিদ নামে একজন মোবাইল ফোনে পরিবারের সদস্য লিটন বিশ্বাসের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এর পর থেকেই তাঁরা অপহরণের বিষয়টি নিশ্চিত হন।
ঘটনার পর বিমলের বড় ভাই অমল বিশ্বাস জকিগঞ্জ থানায় বিষয়টি জানান। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপু সরকার জানান, বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অবশ্যই অপহরণকারীকে আইনের আওতায় আসতে হবে।
এদিকে মানবাধিকার সংগঠন এইচআরসিবিএমের সিলেট বিভাগীয় সমন্বয়ক রাকেশ রায় ঘটনাটি জানতে পেরে সরেজমিনে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।
ডি আর ডি
মন্তব্য করুন: