বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন প্রথিতযশা সাংবাদিক বাছির জামাল। মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এক বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী অন্যান্য কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে দৈনিক আমার দেশের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনরত বাছির জামাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব হিসেবেও কর্মরত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বাছির জামাল ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি সংবাদ, মানবজমিন, মানবকণ্ঠ ও প্রতিদিনের বাংলাদেশসহ দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মূলত বিএনপি ও সংসদ বিটের সাংবাদিকতায় দক্ষ এই সাংবাদিক জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান বাছির জামালের পৈতৃক নিবাস সিলেটে।
এ রহমান
মন্তব্য করুন: