ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিলেটে অবৈধভাবে ৩ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: ৩ জনের কারাদণ্ড
সিলেট সদর উপজেলার ধোপগুল এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত দেড়টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত ধোপগুল এলাকার বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ধোপগুল এলাকার উছমান (পিতা নুনু মিয়া), জাকির হোসেন (পিতা লুলু মিয়া) এবং হাফিজ মো. লাহিন মিয়া (পিতা মজু মিয়া)।
সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ জানান, দণ্ডপ্রাপ্তরা তাদের বসতবাড়িতে প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন। তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে উচ্চমূল্যে এই তেল বিক্রি করে আসছিলেন। অভিযানে ৯২০ লিটার ডিজেলসহ পাঁচটি খালি ড্রাম, একটি অর্ধপূর্ণ ড্রাম, চারটি পূর্ণ ড্রাম এবং তেল স্থানান্তরের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ইউএনও আরও জানান, জব্দকৃত তেল সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী এই তেল নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ রহমান
মন্তব্য করুন: