কেনাকাটায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব
সিলেটে জমে উঠেছে ঈদের বাজার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী আয়ের প্রবাহে টান পড়ায় কেনাকাটায় এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, নয়াসড়ক ও আম্বরখানাসহ প্রধান বাণিজ্যিক এলাকাগুলো ঘুরে দেখা যায়, দুপুর থেকে গভীর রাত পর্যন্ত সব বয়সী মানুষের পদচারণায় মার্কেটগুলো মুখরিত হয়ে উঠেছে এবং বিশেষ করে বন্দরবাজারের হাসান মার্কেট ও হকার্স মার্কেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, সিলেটের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যে অবস্থান করায় এবং সেখানে চলমান অস্থিরতার কারণে ঠিকমতো টাকা পাঠাতে না পারায় গত বছরের তুলনায় এবার দামি পণ্যের বিক্রি অনেকাংশেই হ্রাস পেয়েছে। এছাড়া বাজারে পোশাকের দাম গত বছরের তুলনায় বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, যার সাথে যোগ হয়েছে নগরীর অসহনীয় যানজট। বিশেষ করে বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় তীব্র জটলা নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, প্রবাসীদের পাঠানো অর্থ কমে যাওয়ায় এবারের বাজার অন্য বছরের তুলনায় কিছুটা মন্দা।
তবে ঈদবাজারের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম।
এ রহমান
মন্তব্য করুন: