জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
সিলেটের জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তী সময়ে স্থানীয় খেলার মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল আহাদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
দেশপ্রেমের টানে দলমত নির্বিশেষে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় শীর্ষ নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যা এলাকার রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ আবহ তৈরি করে।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি বলেন, "আমাদের স্বাধীনতা কোনো দান নয়, এটি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পরম সম্পদ। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শপথ নিতে হবে—একটি বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জকিগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই মহান দিবসটি উদযাপন করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: