দুই লাখ টাকার সরঞ্জাম ধ্বংস, জরিমানা ও কারাদণ্ড
জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ দূষণ বিরোধী অভিযান
সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটন এলাকা লালাখাল ও রাংপানিতে অবৈধ বালু উত্তোলন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লক্ষাধিক টাকার সরঞ্জাম ধ্বংসসহ জেল-জরিমানা করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত লালাখাল এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি বড় ইঞ্জিনচালিত ভারি নৌকা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু নৌকা ও শ্রমিক পালিয়ে গেলেও তাদের ওপর কড়া নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
অন্যদিকে, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার রাংপানি এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘনের দায়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব। অভিযানে দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন ও অন্যজনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বড়গাং নদীর বিভিন্ন অংশে শ্মশান, কবরস্থান ও ফসলি জমি কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যেখানে ইজারাদার ‘সানি-সোহা এন্টারপ্রাইজ’ নিয়মবহির্ভূতভাবে রশিদ দিয়ে অবৈধ বালুকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এলাকাবাসী এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: