সিলেটে পৃথক বজ্রপাতে কৃষক ও কিশোরসহ নিহত ৩, আহত ৩
সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় কৃষক ও কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১ এপ্রিল) সকাল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
গোয়াইনঘাটে কৃষকের মৃত্যু
গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের উপেন্দ্র নম (৪৫) বজ্রপাতে মারা গেছেন। তিনি রজনী নমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
৫ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।
জৈন্তাপুরে কিশোরের মৃত্যু
জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্ব গর্দ্দনা (আমরপুর) গ্রামে বজ্রপাতে মো. আবদুল্লাহ আল মাসরুর (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে নিজ বাড়ির পুকুরপাড়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবীগঞ্জে কৃষকের মৃত্যু, আহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে বজ্রপাতে ফরাছ মিয়া (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সকালে হাওরে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ফরাছ মিয়া মারা যান। এ সময় সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) ও জাহেদ মিয়া আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
ডি আর ডি
মন্তব্য করুন: