সিলেটে বিশেষ ট্রেনে যাত্রীদের স্বস্তি, স্থায়ী সমাধানের দাবি
Led Bottom Ad

ট্রেন বিপর্যয়ে চালু হলো ‘ব্যালেন্স এক্সপ্রেস’

সিলেটে বিশেষ ট্রেনে যাত্রীদের স্বস্তি, স্থায়ী সমাধানের দাবি

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০৪/২০২৬ ১৯:৩৮:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনার ফলে সৃষ্ট ভয়াবহ শিডিউল বিপর্যয় ও যাত্রী ভোগান্তি লাঘবে সিলেট-ঢাকা রুটে ‘ব্যালেন্স এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (৩ এপ্রিল) এটি চালু করা হয়। বুধবার রাতের ওই দুর্ঘটনার পর থেকে উপবন ও কালনী এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় ঢাকাগামী শত শত যাত্রী চরম বিপাকে পড়লে পরিস্থিতি সামাল দিতে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়।

রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে, ১৪টি বগি বিশিষ্ট এই বিশেষ ট্রেনটি শুক্রবার রাত সাড়ে ৮টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে কুলাউড়া, শায়স্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়।

স্টেশনে উপস্থিত যাত্রী মো. শাহিন আহমেদ ও নাসরিন আক্তার জানান, হঠাৎ বিশেষ ট্রেন চালুর ঘোষণায় এবং শেষ মুহূর্তে টিকিট পেয়ে তারা বড় ধরনের ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন, তবে এক দিনের এই বিশেষ ব্যবস্থা স্থায়ী সমাধান নয় বলে তারা মনে করেন।

সিলেট নগরের বাসিন্দা রফিকুল ইসলামসহ সাধারণ যাত্রীরা দাবি তুলেছেন যে, সড়কপথের যানজট এড়াতে এবং নিয়মিত শিডিউল বিপর্যয় রুখতে এই রুটে স্থায়ীভাবে ট্রেনের সংখ্যা বাড়ানো এখন সময়ের দাবি।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানিয়েছেন, বুধবারের দুর্ঘটনার কারণে সৃষ্ট শিডিউল জটিলতা কাটিয়ে উঠতে এবং আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে; তবে এটি শুধুমাত্র এক দিনের জন্যই পরিচালিত হচ্ছে এবং নিয়মিত চলাচলের জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই।

রেলওয়ে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে যাত্রীদের মাঝে সাময়িক স্বস্তি ফিরলেও, নিরাপদ ও নিরবচ্ছিন্ন রেল যোগাযোগের জন্য ডাবল লাইন স্থাপন ও নতুন কোচ সংযোজনের দাবি আবারও জোরালো হয়ে উঠেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad