সিলেটে হামের উপসর্গে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু
Led Bottom Ad

সিলেটে হামের উপসর্গে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০৪/২০২৬ ১৬:৪১:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে হামের প্রাদুর্ভাবের মধ্যে এবার এই রোগের উপসর্গ নিয়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিশ্বাস ত্যাগ করে।

হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এটি সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনা।

তিনি বলেন, শিশুটি ব্রঙ্কোনিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণে ভুগছিল এবং শেষ পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তবে শিশুটি নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল কি-না, তা ল্যাব পরীক্ষার রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে সিলেটে শিশুদের মধ্যে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে ১০ শয্যার একটি বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির সোমবার দুপুরে এই ইউনিটের উদ্বোধন করে বলেন, আক্রান্ত শিশুদের আলাদা রেখে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং সংক্রমণ ছড়ানো রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে শিশুটি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু সেখানে আইসিইউ সুবিধা না থাকায় তাকে ওসমানীতে স্থানান্তর করা হয়েছিল।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, সোমবার দুপুর পর্যন্ত তাদের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীর সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য বিশেষ চিকিৎসক ও নার্সদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে শিশুদের স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আইসোলেশন ইউনিটগুলো চালুর ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad