নিম্নমানের কাজের অভিযোগ
বালাগঞ্জে দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ড্রেন প্রকল্পে নানা অনিয়ম
সিলেটের বালাগঞ্জ বাজারে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ড্রেন প্রকল্পে নানা অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ ড্রেন নির্মাণে প্রাক্কলন অনুযায়ী রড ব্যবহার না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং বৃষ্টির মধ্যে পানি ও কাদার ওপর ঢালাইয়ের মতো অনিয়ম করা হয়েছে। এছাড়া ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই কাজ চালানোর অভিযোগও রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ড্রেনের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই তার চারপাশে ঢালাই করা হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, এতে সামান্য আবর্জনাই পানি চলাচলে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতার কারণ হতে পারে। এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম চলছে। তাদের দাবি, সঠিক তদারকির অভাবে প্রকল্পটির মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবু তাহের বলেন, তিনি নতুন দায়িত্ব পেয়েছেন এবং আগে যেভাবে কাজ চলছিল, সেভাবেই কাজ পরিচালনা করছেন।
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান নূর আলী ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোস্তাক আহমদ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য না করে পরে দেখা করার কথা বলেন।
উপজেলা সহকারী প্রকৌশলী রেদওয়ানুল হাসান রড কম ব্যবহারের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বৈদ্যুতিক খুঁটি সরিয়ে এরপর কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করেননি।
উপজেলা এলজিইডির প্রকৌশলী আজমীর শরীফুল ইসলাম বলেন, তাদের প্রতিনিধির উপস্থিতি ছাড়া কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখা গেলে স্থানীয়দের কাজ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বালাগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে তাজপুর সড়কের পাশে ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ ড্রেন নির্মাণ করা হচ্ছে। এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রকল্পে সব ধরনের অনিয়মের নিরপেক্ষ তদন্ত, মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার, বৈদ্যুতিক খুঁটি অপসারণ এবং প্রাক্কলন অনুযায়ী কাজ সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: