মৌলভীবাজারে শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

মৌলভীবাজারে শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১১/১১/২০২৬ ১৪:০৭:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলার পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের দপ্তরি মো. রাহেল মিয়ার (প্রায় ৩৫) বিরুদ্ধে। গত ৯ নভেম্বর সকালে বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটি। ঘটনার পর থেকে অভিযুক্ত দপ্তরি পলাতক রয়েছেন।

শিশুটির পরিবারের অভিযোগ, ওই দিন সকালে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর আগে দপ্তরি রাহেল মিয়া শিশুটিকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাঁর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অশালীন শারীরিক আচরণ করেন তিনি।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা বিদ্যালয়ে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানী রানী দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দপ্তরি ঘটনার পর থেকে বিদ্যালয়ে আসছেন না। তিনি পলাতক রয়েছেন।

এদিকে অভিযুক্ত রাহেল মিয়ার বিরুদ্ধে অতীতেও অনৈতিক আচরণের অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক থানায় মামলা করেছেন।’

এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

শিশুটির পরিচয় গোপন রেখে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কামরান আহমদ/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad