নগরের কাষ্টঘর সুইপার কলোনি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনি পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি হরিজন সম্প্রদায়ের বসবাসের পরিবেশ, পানি ও বিদ্যুতের সংকটসহ সার্বিক জীবনমান সরেজমিনে পরিদর্শন করে দ্রুত উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ পরিদর্শনে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন জানান, সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত কলোনিতে বর্তমানে ৪২৪ জন হরিজন সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন। তাদের মধ্যে ১১১ জন সিসিকে কর্মরত, ২৫ জন অন্য প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ১১৯ জন বেকার রয়েছেন।
কলোনির ঘিঞ্জি পরিবেশ, অপর্যাপ্ত আবাসন, নিরাপদ পানির সংকট ও অনিরাপদ অবকাঠামো দেখে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে হরিজন সম্প্রদায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের জীবনমান এখনও অত্যন্ত নিম্নমানের। অতীতে এ জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব ছিল উল্লেখ করে তিনি দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন।
তিনি দৈনিক মজুরি বৃদ্ধি, চাকরিকালীন সুযোগ-সুবিধা সম্প্রসারণ, কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত এবং বেকার সদস্যদের কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথা জানান। একই সঙ্গে নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং পর্যায়ক্রমে উন্নত আবাসনে পুনর্বাসনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
পরিদর্শনের সময় কলোনির বাসিন্দারা দীর্ঘদিনের নানা সমস্যার কথা প্রশাসকের কাছে তুলে ধরেন। তারা জানান, অতীতে সিটি কর্পোরেশনের কোনো মেয়র বা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের খোঁজ নিতে আসেননি। প্রশাসক সরাসরি এসে তাদের কথা শুনেছেন,এতে তারা আশাবাদী হয়ে উঠেছেন।
এ সময় সিসিক প্রশাসক মাদকবিরোধী সামাজিক সচেতনতার ওপরও গুরুত্বারোপ করে কলোনিবাসীদের মাদক গ্রহণ ও মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানান। বাসিন্দারাও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: