কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,নির্যাতনের অভিযোগ পরিবারের
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খায়েরগাঁও গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে পরিকল্পিতভাবে হত্যার দাবি করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার খায়েরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার চৌধুরী (৩৩) ওই গ্রামের খাইরুল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা খুলে ঘরের ভেতরে তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই হোসেন চৌধুরী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে তার বোনকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত সুজল কর্মকার বলেন,"খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সোহেল রানা
মন্তব্য করুন: