দক্ষিণ এশিয়ায় গণপীরনের বিরুদ্ধে সিলেটে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংহতি সমাবেশ
দক্ষিণ এশিয়াজুড়ে সাম্রাজ্যবাদ, জিয়নবাদ, ফ্যাসিবাদ এবং জনগণের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংহতির ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। অঞ্চলে শান্তি, সার্বভৌমত্ব ও জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার দাবিতে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় সংগঠনটির সিলেট নগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলমান প্রতিটি ন্যায়সঙ্গত সংগ্রাম একই সূত্রে গাঁথা। ভারতের মোদি সরকারের তীব্র দমন-পীড়নের বিরুদ্ধে শিক্ষার্থী ও কৃষকদের ঐতিহাসিক লড়াই, বেলুচিস্তানের নিপীড়িত জনতার আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম এবং বাংলাদেশের কৃষি, শিল্প ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে মার্কিন স্বার্থান্বেষী চুক্তির বিরুদ্ধে জনতার প্রতিরোধ—সবই একই জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাকে নির্দেশ করে।
বক্তারা আরও উল্লেখ করেন, দিল্লির রাজপথে পুলিশের নিষ্ঠুর চোখরাঙানি উপেক্ষা করা সাহসী কিশোরী, বেলুচিস্তানের মুক্তির লড়াইতে অংশ নেওয়া অকুতোভয় তরুণী কিংবা বাংলাদেশের সচেতন জনতার প্রতিরোধ একই সুতোয় গাঁথা। ভৌগোলিক সীমান্ত আলাদা হলেও দক্ষিণ এশিয়ার প্রতিটি শোষিত মানুষের স্বপ্ন ও লড়াই অভিন্ন।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগরের সভাপতি তানজিনা বেগম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়শা আক্তার-এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক ফারজানা আহমেদ এবং দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী লাহিন তালুকদার।
সমাপনী বক্তব্যে সভাপতির আসনে দাঁড়িয়ে তানজিনা বেগম বলেন, সাম্রাজ্যবাদী পরাশক্তি ও দেশীয় অনুগত শাসকগোষ্ঠী আমাদের পৃথক সীমান্তে বন্দি করে রাখতে চায়। কিন্তু নিপীড়িত মানুষের ক্ষোভ ও মুক্তির আকাঙ্ক্ষাকে কোনো সীমান্ত দিয়ে আটকে রাখা যাবে না। আজ সময় এসেছে দক্ষিণ এশিয়াজুড়ে গণবিক্ষোভের দাবানল জ্বালিয়ে দেওয়ার। ভারতের ফ্যাসিবাদ, বেলুচিস্তানের জাতীয় নিপীড়ন আর আমাদের দেশের ওপর চাপিয়ে দেওয়া সাম্রাজ্যবাদী দাসত্বের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোই এই মুহূর্তের ঐতিহাসিক কর্তব্য। গণআন্দোলনের এই ঐক্যবদ্ধ পথেই আসবে দক্ষিণ এশিয়ার প্রকৃত মুক্তি।"
সমাবেশের শেষপ্রান্তে বক্তারা দক্ষিণ এশিয়াজুড়ে গণতন্ত্র, মানবাধিকার, সার্বভৌমত্ব ও জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সর্বাত্মক আন্তর্জাতিক সংহতি ও ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
আর আর
মন্তব্য করুন: