জৈন্তাপুরে কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
সিলেটের জৈন্তাপুরে ষষ্ঠ শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার মামলার প্রধান আসামি জসিম মিয়াকে (২৮) ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে র্যাব-৯-এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম মিয়া জৈন্তাপুর উপজেলার নয়াখেল এলাকার আব্দুল মালিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে জৈন্তাপুর উপজেলার নয়াখেল এলাকায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে জসিম মিয়া শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেন। পরে জসিমের পরিবারের লোকজন চিকিৎসার কথা বলে তাকে স্থানীয়দের কাছ থেকে জোরপূর্বক নিয়ে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
ঘটনার দিন শুক্রবার বিকেলে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার পর সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জসিম পালিয়ে যান। পরবর্তীতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও র্যাব-৯ যৌথভাবে তার অবস্থান শনাক্তে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে র্যাব-৯-এর একটি চৌকস দল সিলেট নগরীর চণ্ডীপুল এলাকা থেকে জসিম মিয়াকে আটক করে। পরে তাকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাইফুল ইসলাম বাবু/ ডিডি
মন্তব্য করুন: