এক দিনে সিলেট ও সুনামগঞ্জে চার সড়ক দুর্ঘটনা: ৪ জনের মৃত্যু, আহত ১৭

এক দিনে সিলেট ও সুনামগঞ্জে চার সড়ক দুর্ঘটনা: ৪ জনের মৃত্যু, আহত ১৭

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৮/২০২৬ ২২:৫৩:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ও সুনামগঞ্জের সড়ক-মহাসড়কে এক রক্তক্ষয়ী সোমবার প্রত্যক্ষ করল এলাকাবাসী। ২৪ আগস্ট (সোমবার) পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য ও পর্যটক কিশোরীসহ তিনজনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন মা-সহ অন্তত ১৭ জন। এর মধ্যে একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় উদ্ধারকাজ চালিয়েছে ফায়ার সার্ভিস।


শান্তিগঞ্জে আনসার সদস্যের অকালমৃত্যু:

সোমবার সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে এক আনসার সদস্য। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। গাজীপুরে কর্মরত উজ্জ্বল ছুটিতে বাড়ি এসেছিলেন। সকালে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা হয়ে পথিমধ্যে দুর্ঘটনায় শিকার হন। উল্লেখ্য, উজ্জ্বল এলাকায় একজন সক্রিয় রক্তদাতা ও সামাজিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন। শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ জানান, পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।


জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর:

দুপুর ১টার দিকে সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী। তিনি গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে। জাফলংগামী মোটরসাইকেলটিকে বিপরীতমুখী একটি হাইড্রলিক ট্রাক (বগুড়া-ড-১১-২৬৫৫) ধাক্কা দিলে গুরুতর আহত হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তামাবিল হাইওয়ে থানার এসআই জাকির হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।


তামাবিল মহাসড়কে ঘুরতে এসে পর্যটক কিশোরীর করুণ মৃত্যু:

সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে জৈন্তাপুরের হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন পানিছড়া এলাকায় বেপরোয়া গতির গেইটলক বাস (সিলেট-ব-১১-০০১৪) ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নুসরাত (১৭) নামের এক পর্যটক কিশোরী নিহত হয়। এ সময় তার মা ইতি আক্তার (৫০) গুরুতর আহত হন। ঢাকার ধোলাইপাড় থেকে আসা এই পরিবারটি অটোরিকশায় জাফলং যাচ্ছিল। আহত মাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


বাস উল্টে আহত ৭:

এদিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১ জন নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

একই দিনে সিলেট অঞ্চলের মহাসড়কগুলোতে একের পর এক প্রাণহানি আবারও সড়কের বেপরোয়া ও অনিয়ন্ত্রিত ব্যবস্থার চিত্র ফুটিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন,তামাবিল ও সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাসের বেপরোয়া গতি এবং হাইড্রলিক ট্রাকের অনিয়ন্ত্রিত চলাচল রোধে স্পিড গান ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক নজরদারি বাড়ানো প্রয়োজন। হাইওয়েতে গতিশীল ভারী যানবাহনের সাথে সিএনজি কিংবা মোটরসাইকেলের মতো ধীরগতির ও হালকা যানের মুখোমুখি সংঘর্ষই প্রধান প্রাণঘাতী হয়ে উঠছে। এসব মহাসড়কে ধীরগতির যানের জন্য পৃথক 'সার্ভিস লেন' নিশ্চিত করা সময়ের দাবি।

তাছাড়া, দূরপাল্লার বাস ও ট্রাকের লাইসেন্স যাচাইয়ের পাশাপাশি ফিটনেসবিহীন যান চলাচল কঠোরভাবে বন্ধ করতে হবে। সেই সাথে চালকদের ক্লান্তি ও অতিরিক্ত সময় গাড়ি চালানো রোধে ট্রাফিক আইনি প্রয়োগ বাড়াতে হবে। একই সাথে হেলমেট ব্যবহার নিশ্চিত করা, যত্রতত্র ওভারটেকিং বন্ধ করা এবং মহাসড়ক পারাপারে পথচারী ও চালক—উভয় পক্ষকেই ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।

ডিডি/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad