শাল্লায় জমি নিয়ে বিরোধ: গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আদালতে মামলা

শাল্লায় জমি নিয়ে বিরোধ: গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১১/১১/২০২৬ ১৯:৫৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধের জেরে গাছ কাটা, সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ময়না মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন মো. ইসমাইল হোসেন (৬০) নামের এক ব্যক্তি।

অন্যদিকে অভিযুক্ত ময়না মিয়া দাবি করেছেন, বিরোধপূর্ণ জমিটি সরকারি খাসজমি এবং গ্রামের পক্ষ থেকে শিশুদের খেলাধুলার জন্য স্কুলকে দেওয়া হয়েছে। গাছ কাটার বিষয়ে তারা কিছুই জানেন না বলেও দাবি করেন তিনি। এ নিয়ে এলাকায় বর্তমানে চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী ইসমাইল হোসেন উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নের রাহুতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে। গত ২ নভেম্বর তিনি আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে তাঁর ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করেন। সরকারি ১৩৮ নম্বর কবুলিয়ত দলিলমূলে পাওয়া ওই জমিতে রোপণ করা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কাটা শুরু করেন তাঁরা। এ সময় বাদী ও সাক্ষীরা বাধা দিলে ১ নম্বর আসামি ময়না মিয়ার নির্দেশে অন্যরা দা ও রামদা নিয়ে তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে বাদীর গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও আরজিতে উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ, আসামিরা বিভিন্ন প্রজাতির গাছ কেটে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করেছেন। পাশাপাশি জমির সীমানা পিলার, কাঁটাতারের বেড়া, বাঁশ ও অন্যান্য ফলজ গাছ ভাঙচুর করে আরও প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছেন। এছাড়া ভবিষ্যতে মামলা-মোকদ্দমা করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ময়না মিয়া বলেন, এই জমিটি আমাদের গ্রামের পক্ষ থেকে স্কুলে দেওয়া হয়েছে বাচ্চারা খেলাধুলা করার জন্য। এটি সরকারি খাসজমি। আর আমরা গাছ কাটার বিষয়ে কিছু জানি না।

জমিটির মালিকানা ও ব্যবহারের অধিকার নিয়ে বাদী ও অভিযুক্তের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে। বাদী সরকারি ১৩৮ নম্বর কবুলিয়ত দলিলের মাধ্যমে জমিটি পাওয়ার দাবি করলেও অভিযুক্তের দাবি এটি সরকারি খাসজমি এবং তা স্কুলকে দেওয়া হয়েছে। তবে জমিটির প্রকৃত মালিকানা, দলিলের বৈধতা এবং স্কুলের অনুকূলে জমি দেওয়ার দাবির সত্যতা সংশ্লিষ্ট ভূমি রেকর্ড ও সরকারি নথি যাচাইয়ের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

মামলা দায়েরের পর বাদী ইসমাইল হোসেন আরও অভিযোগ করেন, সরকারি খাল, বিল ও ডোবা মসজিদের নামে ইজারা নেওয়া হলেও ময়না মিয়া ও তাঁর সহযোগীরা ইজারার অর্থ নিজেদের খাতে ব্যবহার করছেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। প্রভাবশালী ওই পক্ষের ভয়ে স্থানীয় লোকজন প্রতিবাদ করার সাহস পান না বলেও তাঁর দাবি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ইজারা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মামলায় অভিযুক্ত ১০ জন হলেন—মো. ময়না মিয়া (৬০), বকুল মিয়া (৪২), বাবলু মিয়া (৪২), সিরাজ মিয়া (৪০), রুকন মিয়া (৩০), কবির মিয়া (৩২), দবির মিয়া (২৭), আবু সাইম (২৯), রাজ মিয়া (২৬) ও আল আমিন মিয়া (২৪)।

স্থানীয়দের দাবি, রাহুতলা গ্রামের একটি জমির ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ময়না মিয়ার নেতৃত্বে একটি পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। জমিজমা নিয়ে বিরোধ ও নিরাপত্তাহীনতার কারণে এলাকার কয়েকটি পরিবার বসতভিটা ছেড়ে শহরে চলে গেছে বলেও স্থানীয়দের ভাষ্য।

এলাকার সচেতন মহল বলছেন, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। সরকারি কবুলিয়ত দলিল, খাসজমির রেকর্ড ও ইজারা-সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তাঁরা গাছ কাটা ও হুমকির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad