সুনামগঞ্জে বস্তাভর্তি বিদেশি মদ উদ্ধার করলো এসআরবি-৯
সুনামগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে এসআরবি (Special Response Battalion—SRB-৯। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে মদভর্তি একটি বস্তা ফেলে পালিয়ে গেছেন অজ্ঞাতনামা ২-৩ ব্যক্তি। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা শহীদ মিনার এলাকা থেকে দক্ষিণ ডলুরাগামী একটি কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তর ডলুরা শহীদ মিনারসংলগ্ন সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ ব্যক্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে পড়ে থাকা বস্তাটি তল্লাশি করে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেন র্যাব সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মদ জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ২-৩ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-৯ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।
মঙ্গলবার এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: