জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে জানালার গ্রিল কেটে ২০ লাখ টাকার মালামাল চুরি
সিলেটের জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি গ্রামে এক ব্যবসায়ী ও ছাত্রনেতার বাড়িতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) ভোররাতে সংঘটিত এই ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা, ব্যবসায়ী ও ছাত্র মজলিস নেতা মিজানুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে চোরচক্র বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। চোরচক্রকে শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পাশাপাশি পৌর এলাকায় পুলিশের নৈশ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।"
এদিকে স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করে রাতে পুলিশি টহল আরও জোরদার করা এবং ইতিপূর্বে ঘটে যাওয়া চুরির ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
মোর্শেদ লস্কর / মীর্জা ইকবাল
মন্তব্য করুন: