ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস
আজ মঙ্গলবার ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিবাহী মেঘের গতি ধীর হওয়ায় এই বৃষ্টিপাত দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে নগরজুড়ে ব্যাপক জলাবদ্ধতা ও তীব্র যানজটের আশঙ্কা রয়েছে, যা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী মানুষকে ভোগান্তিতে ফেলতে পারে।
আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক এবং সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন।
তার পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টি বয়ে যেতে পারে। এর মধ্যে শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
এছাড়া ভোর থেকেই চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং বরিশাল বিভাগের সব জেলার ওপর দিয়েও অনুরূপ আবহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: