দেশের জার্সিতে মাঠে হামজা, আনন্দে ভাসছে হবিগঞ্জের স্নানঘাট গ্রাম

দেশের জার্সিতে মাঠে হামজা, আনন্দে ভাসছে হবিগঞ্জের স্নানঘাট গ্রাম

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৫/১১/২০২৬ ০০:১৩:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় দলের জার্সিতে মাঠে হামজা চৌধুরী, আর সেই খেলা দেখতে গ্রামের বাড়িতে উৎসুক মানুষের সমাগম। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক পরিবেশ।

পাকিস্তানের বিপক্ষে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে তাঁর পৈতৃক বাড়িতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। এতে স্বজনদের পাশাপাশি অংশ নেন গ্রামের বিভিন্ন বয়সী মানুষ।

শনিবার বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে হামজার বাড়িতে বাড়তে থাকে দর্শনার্থীদের আনাগোনা। পরে বড় পর্দায় খেলা শুরু হলে বাড়ির আঙিনা ভরে ওঠে ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে। টেলিভিশনের পর্দায় হামজাকে বল নিয়ে এগিয়ে যেতে দেখলেই দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। কেউ হাততালি দিয়ে, কেউবা আনন্দ প্রকাশ করে প্রিয় খেলোয়াড়ের প্রতি সমর্থন জানান।

স্নানঘাট গ্রামের সঙ্গে হামজা চৌধুরীর পারিবারিক শিকড়ের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী এই গ্রামের বাসিন্দা। এ কারণে জাতীয় দলের হয়ে হামজার প্রতিটি অংশগ্রহণকে নিজেদের অর্জন হিসেবে দেখেন গ্রামের মানুষ।

হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, খেলা সরাসরি মাঠে বসে দেখার জন্য টিকিট পেয়েছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে স্টেডিয়ামে যাওয়া সম্ভব হয়নি। তাই পরিবারের সদস্য ও গ্রামবাসীর সঙ্গে খেলা উপভোগ করতে বাড়িতেই বড় পর্দার ব্যবস্থা করেছেন।

গ্রামের বাসিন্দা খালেক মিয়া বলেন, হামজা তাঁদের এলাকার সন্তান। দেশের হয়ে তাঁর এমন অর্জনে গ্রামের মানুষ আনন্দিত। তাঁকে খেলতে দেখার জন্য সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করেন।

শেখ সাদী মিয়া বলেন, একসঙ্গে এত মানুষের খেলা দেখার পরিবেশ অন্যরকম আনন্দ দিচ্ছে। বড় পর্দায় খেলা দেখে মনে হচ্ছে সবাই স্টেডিয়ামের গ্যালারিতে বসে আছেন।

স্থানীয় তরুণ মামুন চৌধুরী বলেন, হামজাকে নিয়ে তাঁদের প্রত্যাশা অনেক। দেশের হয়ে তিনি আরও ভালো খেলবেন এবং বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেবেন—এটাই তাঁদের চাওয়া।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad