সিসি ক্যামেরা, সার্চলাইট ও থার্মাল ড্রোনের ব্যবহার বৃদ্ধি
সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার
সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের পাশাপাশি নাইট ভিশন ডিভাইস এবং থার্মাল ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে এটিভি ও স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় অধীনস্থ লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সিলেট সীমান্তের সার্বিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক, সজাগ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করতে বিজিবি মহাপরিচালকের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সরাইল রিজিয়ন কমান্ডার ও সিলেট সেক্টর কমান্ডারের নির্দেশনা অনুসরণ করে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন এবং সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে চলতি বছরের সিলেট সেক্টরের উল্লেখযোগ্য অর্জনের তথ্য তুলে ধরে জানানো হয়, অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের পরিচালিত বিশেষ টহল ও অভিযানে ৭২ জন আসামিসহ ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।
এছাড়া চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নগুলো ১৭৮ কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পরিচালিত কার্যক্রমে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে।
বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানসহ সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণ বিজিবিকে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এককভাবে নয়, বরং জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ কার্যক্রম অতীতের মতো বর্তমানেও অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: