জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ টি শ্যালো ইঞ্জিন জব্দ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার কাটাগাং, গোয়াবাড়ি ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সিলেটের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল মিয়ার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ইঞ্জিন পাওয়া গেলে সেগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, “জৈন্তাপুরের প্রাকৃতিক পরিবেশ, নদ-নদী ও প্রতিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জনজীবনের ওপর বিরূপ প্রভাব পড়ে। সরকারি আইন ও বিধিবিধান অমান্য করে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, সিলেট ব্যাটালিয়ন আনসার ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: