হবিগঞ্জে গণঅধিকার পরিষদের সমাবেশ
নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: ভিপি নূর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। তবে নির্বাচনকে বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি নূর বলেন, “আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। কিন্তু দেশের ভিতরে ও বাইরে কিছু ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তারা ভারত ও লন্ডন থেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে—স্কুলে, বাসে বোমা মারছে, আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। ভয় ও বিশৃঙ্খলার মাধ্যমে নির্বাচন ব্যাহত করার এ অপচেষ্টা সফল হবে না।”
তিনি আরও বলেন, “দেশে যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী, কিন্তু কোনো অপরাধ করেনি, জনগণের সঙ্গে অন্যায় করেনি, লুটপাটে জড়িত নয়—তাদের জন্য সব রাজনৈতিক দলের দরজা উন্মুক্ত। তারা চাইলে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ বা অন্য যে কোনো দলে যোগ দিতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়েও ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন—যারা নিরপরাধ, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে।”
জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর অন্যায়ভাবে মামলা দিয়ে ‘মামলার বাণিজ্য’ শুরু হয়েছে বলে অভিযোগ করেন ভিপি নূর। তিনি বলেন, “অনেকে এখন মামলা দিয়ে ব্যবসা করছে। নেতাকর্মীদের নামে মামলা দিয়ে পরে টাকাপয়সা নিয়ে জামিন করাচ্ছে। আমরা বলেছি—যারা অন্যায় করেছে, গণহত্যায় জড়িত ছিল, শুধু তাদের বিচার হতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা এখনো কারও সঙ্গে নির্বাচনী জোট করিনি। তবে দেশের প্রয়োজনে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের পক্ষে আছি, যেন কোনো পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
এ রহমান
মন্তব্য করুন: