সিলেট-ঢাকা মহাসড়কে যানজট নিরসনে যুগান্তকারী পদক্ষেপ
Led Bottom Ad

হাইওয়ে রিজিওনের অন্তর্ভুক্ত হলো দুই থানা

সিলেট-ঢাকা মহাসড়কে যানজট নিরসনে যুগান্তকারী পদক্ষেপ

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/১২/২০২৫ ১০:০৮:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘদিনের যানজট ও নিরাপত্তা সংকট নিরসনে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের সঙ্গে ভৈরব ও খাঁটিহাতা হাইওয়ে থানাকে অন্তর্ভুক্ত করায় মহাসড়কে শৃঙ্খলা ফেরানো ও যান চলাচলে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত ২৩ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (ওঅ্যান্ডএম) মো. মাহবুবুল করিম, বিপিএম-এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পুনর্বিন্যাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে নরসিংদী জেলার রায়পুরা থানার মরজাল বাজার থেকে সিলেট হয়ে জাফলং পর্যন্ত জাতীয় মহাসড়ক এন–২-এর পুরো অংশে যানবাহন, যাত্রী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্বরোড এলাকায় প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এতে ঢাকা থেকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও জাফলংগামী যাত্রীদের গন্তব্যে পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়। পর্যটক ও ব্যবসায়ীরাও পড়েন ব্যাপক ভোগান্তিতে।

ভিন্ন রিজিওনের অধিভুক্ত থাকার কারণে ভৈরব ও খাঁটিহাতা এলাকার যানজটের নেতিবাচক প্রভাব পড়ছিল সিলেট রিজিওনের মহাসড়ক ব্যবস্থাপনায়। এ অবস্থায় জনভোগান্তি কমাতে এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে এসব এলাকা সিলেট রিজিওনের আওতায় আনার জন্য দাপ্তরিক যোগাযোগ চলছিল।

সম্ভাব্যতা যাচাই শেষে ভৈরব ও খাঁটিহাতা হাইওয়ে থানাকে সিলেট রিজিওনের অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের অধিভুক্ত থানাগুলো হলো— তামাবিল, জয়কলস, শেরপুর, সাতগাঁও, শায়েস্তাগঞ্জ, খাঁটিহাতা ও ভৈরব হাইওয়ে থানা।

নতুন দুটি থানা অন্তর্ভুক্তির ফলে ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়কে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সিলেটের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

জানা গেছে, আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে বর্ধিত এলাকায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত সিলেট অঞ্চলের যাত্রী, পর্যটক ও ব্যবসায়ীদের জন্য একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad