সিলেট বিভাগের তিন আসনে বিএনপির বিকল্প প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের তিনটি আসনে বিকল্প প্রার্থী রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিলেট বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে ১৮টিতে দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি।
এর মধ্যে সিলেট-৫ আসনে দলটি প্রার্থী দেয়নি। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে ওই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে।
দলীয় সূত্র জানায়, সিলেটে একটি এবং সুনামগঞ্জে দুটি আসনে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি।
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী। সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিকল্প প্রার্থী করা হয়েছে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে। আর সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ রোববার রাতে ‘প্রথম সিলেট’ কে বলেন, আপাতত বিকল্প প্রার্থী হিসেবে এই তিনজনকে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ জানুয়ারি। দলের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী যাকে বলা হবে, তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন।
তিনি বলেন, এটি দলের একটি কৌশলগত পরিকল্পনার অংশ।
ডি আর ডি
মন্তব্য করুন: