সিলেটে দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত
সিলেটের ওসমানীনগরে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে দায়ের কোপ ও মারধরের শিকার হয়ে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আতিক মিয়া (৪২) নিহত হয়েছেন। তিনি বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং পশ্চিম সিরাজনগর গ্রামের বাসিন্দা।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম সিরাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আতিক মিয়াকে সন্ধ্যা সাতটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পশ্চিম সিরাজনগর গ্রামের আকলিছ মিয়া ও পাচু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। আকলিছ মিয়ার দায়ের করা মামলায় গতকাল জামিনে বের হন পাচু মিয়াসহ আরও কয়েকজন। জামিনে বের হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়।
বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় আকলিছ মিয়া গ্রামের মুরব্বিদের নিয়ে একটি সালিস বৈঠক আহ্বান করেন। ওই সালিসে আতিক মিয়াসহ গ্রামের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সালিসে লোকজন জড়ো হওয়ার সময় আকলিছ মিয়ার প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। মারামারি বন্ধ করার চেষ্টা করলে সালিসে উপস্থিত ব্যক্তিদেরও মারধর করা হয়।
এ সময় দায়ের কোপ ও মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন আতিক মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: