৫০টি নৌকা কেটে ধ্বংস
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২০ হাজার ঘনফুট বালু জব্দ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালুর বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করা হয়।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকার রাংপানি কলেজের পেছনে অবস্থিত একটি বালুমহালে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ ছাড়া সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন শ্রীপুর বিওপির একটি দল এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করা হচ্ছিল। এ কারণে ঘটনাস্থল থেকে ২০ হাজার ২৯ ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫০টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। পরে সরকারি বিধি অনুযায়ী জব্দ করা বালু উন্মুক্ত নিলামের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ রক্ষা ও নদী সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।
ডি আর ডি
মন্তব্য করুন: