কর্মবিরতিতে ইন্টার্নরা
সিলেট ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। হামলার ঘটনায় এক নারীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের ৪র্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে সার্জারি বিভাগের ওই ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্ব পালনরত নারী ইন্টার্ন চিকিৎসকের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ওই চিকিৎসকের ওপর হামলা চালায়। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হন।
ঘটনার পরপরই সেখানে উপস্থিত অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে এসে এক নারী ও দুই পুরুষকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত ১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতির ঘোষণা দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল এলাকায় পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হাসপাতালের চিকিৎসা পরিবেশ নিরাপদ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: